যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, জেলাজুড়ে আটক ৫৭

সন্ত্রাসবিরোধী আইনে মামলা, ৫৫ জনের নাম উল্লেখ করে আসামি ১৫০-২০০ অজ্ঞাতনামা
যশোর শহরের লালদীঘিরপাড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা বিক্ষোভ মিছিল ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ মামলায় ৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ১৬ জনসহ জেলাজুড়ে বিভিন্ন অভিযোগে মোট ৫৭ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার (১ নভেম্বর) ভোর ৫টা ২০ মিনিটে দড়াটানা মোড়ে দায়িত্বরত পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২০০ থেকে ২২০ জন নেতাকর্মী লালদীঘিরপাড়ের মাইকপট্টি মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা স্লোগান দিতে দিতে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।
এজাহারে আরও উল্লেখ করা হয়, বিক্ষোভকারীরা জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে এ কর্মসূচি পালন করেন বলে অভিযোগ করা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন যুবলীগ নেতা শেখ শহীদ, ইমরান হোসেন খান বাদল, মোহাম্মদ আলী, বিপ্লব হোসেন, তানভীর, রফিকুল ইসলাম রহমত, সানু, রনি, জাফর, রসুল, পারভেজ, আবির, সাজ্জাদুল ইসলাম রকি ওরফে সোহাগ, যশোর মেডিকেল কলেজ ছাত্রলীগের সহসভাপতি তৌহিদুর রহমান শাকিল, নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিলন শাহ, সভাপতি সরোয়ার হোসেন সারু, সহসভাপতি জাহাঙ্গীর মৌরি ও আবু তাহের, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল বিশ্বাস, বঙ্গবন্ধু সৈনিক লীগের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দার রহমান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন অভি, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা রেজওয়ান আলী এবং মণিরামপুরের ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান শিবলীসহ আরও অনেকে।
এ মামলায় শেখ শহীদ, ইমরান হোসেন বাদল, মোহাম্মদ আলী, বিপ্লব হোসেন, তানভীর, রফিকুল ইসলাম, রকি, সোহাগ, তারেক আজিজ, নুর আলম, শানু, কামরুজ্জামান, মকবুল হোসেন, হৃদয়, সুমন শেখ ও সেলিমকে আটক করা হয়েছে।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারীরা ভোরের দিকে মিছিলটি করেন। পুলিশ বিষয়টি আমলে নিয়ে মামলা করেছে। তিনি আরও জানান, জেলার নয়টি থানা ও ডিবি পুলিশের অভিযানে নাশকতার অভিযোগে মোট ৪১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে কোতোয়ালি থানা এলাকায় আটক ১৭ জনের সাতজন সরাসরি ওই মিছিলে অংশ নিয়েছিলেন।
পুলিশ সুপারের দেওয়া তথ্য অনুযায়ী, চৌগাছা থানায় দুজন, মণিরামপুরে তিনজন, শার্শায় দুজন, অভয়নগরে চারজন, কেশবপুরে তিনজন, বাঘারপাড়ায় চারজন, বেনাপোল পোর্ট থানায় চারজন এবং ঝিকরগাছায় দুজনকে আটক করা হয়েছে।
জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



