বদরগঞ্জে আগুনে পুড়ে নিঃস্ব ৯ পরিবার' সহায়তার হাত বাড়ালেন এম এ মতিন সরকার

অনলাইন ডেস্ক
রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে ৯ টি পরিবার। আগুনে ঘরবাড়ি ও ঘরের আসবাবপত্র পুড়ে যাওয়ায় পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন মানবসেবায় এগিয়ে আসা এম এ মতিন সরকার।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশার খবর পেয়ে তিনি তাদের মাঝে চাল, ডালসহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করেন। আকস্মিক এই দুর্যোগে সবকিছু হারিয়ে দিশেহারা পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ায় সাময়িকভাবে হলেও কিছুটা স্বস্তি ফিরেছে তাদের মধ্যে।
এম এ মতিন সরকার বলেন, গত রোববার (১ নভেম্বর) বিকেলে দামোদরপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে নয়টি পরিবারের বসতঘর পুড়ে যায়। পরিবারগুলো চরম অসহায় অবস্থায় রয়েছে। তাদের দুর্দশার কথা বিবেচনা করে চাল, ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আবারও সহায়তা বিতরণ করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক মিটারে আগুন লাগার পর তা দ্রুত আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় একে একে নয়টি পরিবারের ঘরবাড়ি পুড়ে যায়। এতে পরিবারগুলো ঘরবাড়ি ও নিত্যপ্রয়োজনীয় মালামাল হারিয়ে চরম বিপাকে পড়ে।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘুরে দাঁড়াতে আরও সহায়তা প্রয়োজন। এম এ মতিন সরকারের এই উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি পরিবারগুলোর পুনর্বাসনে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁরা আর বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আমরা এমএ মতিন সরকারকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখতে চাই। তিনি দীর্ঘদিন ধরে দামোদরপুর ইউনিয়নে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ডের সঙ্গে জড়িত রয়েছে। গরিবদের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বলে জানান তারা।



