পেশায় শিক্ষক নেশা পরোপকারী' বিপদাপন্ন মানুষের আপনজনঃ মতিন

অনলাইন ডেস্ক মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।মানুষের জন্য কাজ করাই তাঁর নেশা। অসহায় অসুস্থ প্রতিবন্ধিদের সেবার প্রয়োজন হলে তিনি ছুটে যান। নিজ হাতে চুল কাটেন,গোসল করান। হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। নিজ খরচে দেন এতিম মেয়েদের বিয়ে। দরিদ্র শিক্ষার্থীর বইখাতা, পোষাক কিনে দেন। শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তার ধারে লাগান গাছে চারা। এলাকায় শিক্ষা বিস্তারের জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠান ও এতিমখানা গড়ে তুলেছেন তিনি। পেশায় শিক্ষক নেশা পরোপকারী এই ব্যক্তি হলেন সবার প্রিয় মতিন স্যার। পুরো নাম এম এ মতিন সরকার।'
রংপুরের বদরগঞ্জ উপজেলার আমরুল বাড়ি গ্রামের এই মতিন স্যার ২৭ বছর ধরে সেবা করে হয়ে উঠেছেন পুরো এলাকার বিপদাপন্ন মানুষের আপনজন। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি ইতিমধ্যে উপজেলার অসহায় এতিম ২৯ জন মেয়ের বিয়ে দিয়েছেন, গরীব শিক্ষার্থীদের বই খাতা কলম ব্যাগ ও ভর্তির টাকাসহ মেধাবীদের সংবর্ধনা, পরিবেশ রক্ষায় ৩০ হাজার গাছের চারা, অন্তত ২০০ ফুটবল, জার্সি ও ক্রিকেট সামগ্রী, অসহায় দুস্থদের মধ্যে আট হাজার শাড়ি লুঙ্গি ও ১৫ হাজার শীতবস্ত্র বিতরণ করেছেন।'
এ ছাড়াও তিন শতাধিক দরিদ্র শিক্ষার্থীকে কিনে দিয়েছেন বই খাতা কলম ও পোষাক। ১৮ জন মেধাবীকে দিয়েছেন ভর্তির টাকা। সহস্রাধিক অসুস্থ মানুষকে বিভিন্নভাবে দিয়েছন চিকিৎসা সহায়তা। শতাধিক প্রতিবন্ধীকে খাবার ও অর্থ সহায়তা সহ তাঁদের নিয়মিত খোঁজ খবর রাখেন। অর্ধশত প্রতিবন্ধির গোসল সহ জট পাকা চুল নিজ হাতে তিনি একাধিকবার কেটে দিয়েছেন। এসব কাজ তিনি করেছেন সামাজিক দায়বদ্ধতা - ভালোলাগা এবং নিজের ও স্ত্রীর বেতনসহ স্বজনদের সহযোগিতা নিয়ে।' বাল্যবিবাহ, মাদকের কুফল ও শিক্ষা সম্পর্কে সচেতনতা মুলক কাজ করেন। বেকারদের মধ্যে পাঁচটি সেলাই মেশিন, চারটি রিকশা ভ্যান, অসহায় দুইজনকে ঘর নির্মাণে সহায়তা, পাঁচজনকে ব্যবসায় সহযোগিতাসহ মানুষের কল্যাণে বিভিন্ন কাজ করেছেন এম এ মতিন সরকার।'
এম এ মতিন সরকার নিজের বসত-বাড়িতে গড়ে তুলেছেন একটি শিশু শিক্ষা ও কুরআন শিক্ষা কার্যালয়। এলাকায় প্রতিষ্ঠা করেছেন একটি এতিমখানা। এলাকার লোকজন তাঁকে এখন প্রতিবন্ধি ও অসুস্থ্য অসহায় মানুষের বন্ধু ‘মতিন স্যার’ নামে চেনেন।
এম এ মতিন সরকার ও তাঁর স্ত্রীর পেশা শিক্ষকতা। ১১ ভাই বোনের মধ্যে মতিন অষ্টম। জন্ম ১৯৭৫ সালে। বসবাস করেন গ্রামে। এক ছেলে ও এক মেয়ে ওই দম্পত্তির। মেয়ে কলেজে ও ছেলে স্কুলে পড়াশুনা করেন। মতিন সরকারের প্রত্যয় বাবা মাহাতাব উদ্দিন সরকার ছিলেন ওই এলাকার আদর্শ একজন কৃষক ও মিল চাতাল ব্যবসায়ী। পৈতৃক সুত্রে পাওয়া কিছু জমি আবাদ ও পুকুরে মাছ চাষ করে চলে এম এ মতিন সরকারের সংসার। শিক্ষকতা করে প্রতিমাসে ওই দম্পত্তি যা বেতন পান সেটার বেশিরভাগ টাকা ও ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনের দেওয়া সহযোগিতায় এম এ মতিন সরকার ওই মানবসেবা মুলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন। তিনি পৌণে তিন একরের দুইটি নতুন পুকুর খনন করে এবারে মাছ ছেড়েছেন। নাম দিয়েছেন আনন্দ মৎস্য ভূবন। পুকুরের মাছ বিক্রি করা অর্থ মানব সেবায় ব্যয় করবেন বলে জানান তিনি। সম্প্রতি বদরগঞ্জে মানব সেবায় সম্পৃক্ত হওয়ার পেছনের হৃদয় বিদারক গল্প শোনান এম এ মতিন সরকার। গল্পটা এমন-১৯৮৮ সালের ভয়াবহ বন্যা। চারিদিকে থই থই পানি। কর্মহীন মানুষের মধ্যে দেখা দিয়েছেন তীব্র অন্ন কষ্ট। মতিন তখন অষ্টম শ্রেণির ছাত্র। রাতে টেবিলে বসে পড়াশোনা করছিলেন নিজের ঘরে। হঠাৎ ঘরের জানালায় ঠকঠক শব্দ। দুরুদুরু মনে জানালা খুলে দেখতে পান, প্রতিবেশী রোস্তম আলী বৃষ্টিভেজা শরীরে কাঁপছেন। এ সময় রোস্তম ক্ষীণকন্ঠে বলেন, “চাচা, বৃষ্টির কারণে কাজকাম বন্ধ। ঘরোত চাউল নাই। বাচ্চা নিয়া না খায়া আছি। এমন আকুতিতে শিশু মতিনের মন কেঁপে ওঠে। খানিকটা ভেবে রোস্তমকে পরণে থাকা লুঙ্গি মেলে ধরতে বলেন। আর পড়ার টেবিলের পাশে বস্তায় থাকা শুকনা সিদ্ধ ধান জানালার ফাঁক দিয়ে তিনি লুঙ্গিতে ঢেলে দেন। অন্তত ৫-৭ কেজি ধান পরদিন ঢেঁকিতে ছেটে ভাত রান্না করে স্ত্রী সন্তানদের নিয়ে পেটভরে খান রোস্তম আলী। এভাবে বাবা-মায়ের অগোচরে চুপিসারে প্রতিবেশীদের সহযোগিতা করতে থাকেন এম এ মতিন সরকার। নিজের খাবার অনেক সময়ে অনাহারী প্রতিবেশীদের খেতে দিতেন। একদিন বাবার হাতে ধরাও পড়ে যান তিনি। এতে ভয়ে তাঁর বুক দুরুদুরু কাঁপতে থাকে। কিন্তু বাবা তাঁকে তেমন কিছু না বলে মাথায় হাত বোলান। বলেন, গরীব মানুষকে খাবার দিবি তা চুপ করে কেন বাবা! অভাব অসুস্থ্যতায় গরীব মানুষের পাশে দাঁড়ানোটাই একজন প্রকৃত মানুষের কাজ। এর পরে স্ত্রীর সামনে মতিনকে নিয়ে গর্ববোধ করেন বাবা। মতিন সরকার বলেন, তখন থেকে মূলত মানবসেবামুলক কর্মকান্ডে জড়িয়ে পড়েন তিনি। বাবা-মায়ের পাশাপাশি আত্মীয় স্বজনরাও তাঁকে সাহায্য সহযোগিতা করে মানবিক কাজে উদ্দীপনা যুগিয়েছেন। এখন পুরো উপজেলায় সেবামুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।'
মতিন সরকার একদিন সন্ধার পরে বদরগঞ্জ বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। স্থানীয় শাহাপুর গ্রামের পাশে পরিত্যক্ত একটি গদিঘরের বারান্দায় গোঙ্গানির শব্দ। মটরসাইকেল থামিয়ে কাছে গিয়ে তিনি দেখেন, মূমুর্ষ লোকটি মলমূত্রে জড়ানো, শরীরে দগদগে ঘাঁ, দূর্গন্ধ। মতিন রিকশাভ্যান ডাকলেন। কিন্তু কেউ কাছে ভিড়ছিল না। অনেক অনুরোধের পরে একজন রিকশাভ্যান চালক রাজী হলেও লোকটিকে ধরে ভ্যানে তুলতে না পারার শর্ত জুড়ে দেন। মতিন নিজেই পাঁজাকোলা করে ওই ভ্যানে তুলে বাড়িতে এনে পরিচয় পান তাঁর নাম আমিনুল। বদরগঞ্জের রাধানগরে তাঁর বাড়ি। আমিনুল ছিলেন, তুখোড় মেধাবী শিক্ষার্থী এবং শত শিক্ষার্থীর অনুপ্রেরণা। কিন্তু মস্তিস্কে বিভ্রাট ঘটলে তাঁর স্থান হয় পথে-ঘাটে। মতিন পরে আমিনুলের জটলা চুল দাঁড়ি গোফ নিজহাতে কেটে দিয়ে গোসল করান। এর পরে সরকারি হাসপাতালে ভর্তির কয়েক দিন পরেই তিনি মারা যান। এটা ২০২১ সালের ঘটনা। মতিন সেই স্মৃতি এখনও মন থেকে মুছে ফেলতে পারেননি।'
আমরুল বাড়ি আসমত পাড়া গ্রামের দরিদ্র নুরবকস আলীর বাড়িতে হঠাৎ শশুর শাশুড়ির আগমন। বাজার নেই। ছুটে আসেন মতিনের কাছে। চান কিছু টাকা। মতিন নিজের হাতের সোনার আংটি খুলে দিয়ে বিক্রি করে বাজার করতে বলেন। নুরবকস অবাক হন। অভয় পেয়ে সেই আংটি বিক্রি করে মাছ মাংসসহ বাজার করার পরে বাকী ২০০ টাকা তিনি মতিনকে ফেরত দিয়েছেন। অবশ্য নুরবকস এখন আর বেঁচে নেই। উপজেলার রামকৃষ্ণপুর বালাপাড়া গ্রামের আইনুল ইসলাম স্ত্রী ও দুই শিশু সন্তানকে রেখে ঢাকায় কাজের সন্ধানে গিয়ে মারা যান। পরে মতিন নিজের কিছু টাকা এবং স্বজনদের সহযোগিতা নিয়ে প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে আইনুলের অসহায় স্ত্রী ও সন্তানদের জন্য আধাপাকা দুইটি টিনের ঘর তৈরি করে দেন।'
উপজেলার চম্পাতলী গ্রামের শারিরীক প্রতিবন্ধি সাথী আক্তারের (১৩) বাবা সামছুল হক বলেন, আমার মেয়ের জটলা চুল নিজহাতে কেটে দিয়েছেন মতিন স্যার। তিনি প্রায় সময়ে নিজে এসে আবার কখনও ফোনে মেয়ের খোঁজখবর নেন এবং খাবার দেন। প্রতি ঈদে নতুন কাপড় চিনি সেমাই মাংস খেলনা এমনকি আমাদের শাড়ী লুঙ্গি পর্যন্ত দিয়ে যান। পৃথিবীতে এমন পরোপকারী মানুষ আমি দেখি নাই।'
১৯৯৪ সালে মতিন খবর পান টাকার অভাবে উপজেলার রাজারামপুর গ্রামের বাবা-মা হারানো এতিম রুবিনা খাতুনের বিয়ে ভেঙে গেছে। পরের দিন তিনি মেয়েটির বাড়িতে হাজির হয়ে বিয়ের সমস্ত দায়ভার গ্রহন করেন। নিজে খুঁজতে থাকেন বর। পেয়ে যান শাহাপুর গ্রামের বাসিন্দা আবু বক্করের ছেলে রাশেদুল আলমকে। সব বুঝিয়ে ছেলে ও ছেলের বাবাকে রাজী করান। কিন্তু টাকা! বিষয়টি মতিন তাঁর বাবা ও ভাইদের জানান। শুনে আত্মীয় স্বজনরাও সহযোগিতা করতে চান। এর পরে ওই বছরের ২৭ ফেব্রুয়ারি বদরগঞ্জ পৌর এলাকার একটি ক্লাবে ওই এতিম মেয়ের বিয়ে দেন। এবিয়েতে ছিলেন, আওয়ামী লীগের প্রয়াত যোগাযোগ প্রতিমন্ত্রি আনিছুল হক চৌধুরী ও তৎকালিন প্রয়াত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ মাহমুদ। বিয়ের অনুষ্ঠানের সমস্ত খরচ বহনসহ বর-কনেকে গাভী কেনার টাকা ও ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে উপহার দেন মতিন। এমনিভাবে ক্রমান্বয়ে তিনি ৩১ টি এতিম মেয়ের বিয়ে দিয়েছেন।'
মতিন সরকারের কর্মস্থল আফতাবগঞ্জ দাখিল মাদ্রাসা। এখানকার ছাত্র-ছাত্রীসহ শিক্ষক কর্মচারিরাও তাঁর প্রশংসায় পঞ্চমুখ। দশম শ্রেণির শিক্ষার্থী জাকির হোসেন বলে, মতিন স্যার খুব ভালো মানুষ। তিনি আমাকে গাইড বই কিনে দিয়েছেন। অনেককে কিনে দিয়েছেন পোশাক ও খাতা কলম। এছাড়াও আমাদের ক্লাস ঠিকমত হচ্ছে কিনা সেটার খোঁজ নেন নিয়মিত।' ওই মাদ্রাসার কর্মচারি সাইদুল ইসলাম বলেন, অসহায় মানুষ ও গরীব শিক্ষার্থীদের বন্ধু মতিন স্যার। এর আগে মাদ্রাসার ৬০ জন গরীব শিক্ষার্থীর পুষ্টির ঘাটতি পুরণে ডিম দেওয়া মুরগি কিনে দিয়েছিলেন তিনি।' ওই মাদ্রাসার সুপার আহাদ আলী সরকার বলেন, মতিন স্যারের মত ভালো স্যার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে থাকা উচিত। তিনি সকালে সবার আগে মাদ্রাসায় আসেন, যান সবার পরে। মানবকল্যাণে তাঁর ব্যক্তিগত অবদান এখন সকলের মুখে মুখে।' সংশ্লিষ্ট দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক বলেন, মানুষের কল্যাণে কাজ করার সুবাদে শিক্ষক মতিন সরকারের সঙ্গে আমার চেনাজানা। তাঁর মত ভালো কাজ আমরা জনপ্রতিনিধিরাও করতে পারি না। সমাজে মানবসেবায় নিবেদিত এমন মানুষ পাওয়া দুস্কর।'
এম এ মতিন সরকার বলেন, আলহামদুলিলল্লাহ। আমার কোন অভাব নেই। গ্রামে থাকি। খরচ কম। বাড়িতে সবজি। পুকুরে মাছ। ধান চাষ করে পেটের ভাত হয়। স্বামী-স্ত্রী চাকরি করে মাস শেষে যা বেতন পাই তা দিয়ে মানুষের কল্যাণে কাজ করি। অসহায় অসুস্থ্য মানুষের দুর্দশার কথা শুনলে আমি অস্থির হয়ে পড়ি, ছুটে যাই। এসকল মানুষের মুখে হাসি ফোটাতে পারলে মনটা ভরে ওঠে। এটাই আমার পরিতৃপ্তি। একজন মানুষ হিসেবে অপরের কল্যাণে কাজ করার চেয়ে অন্য কোথাও প্রশান্তি মেলে না।' এলাকাবাসীর ভাষায়, মানুষের দুঃখকষ্ট দেখলে তিনি চুপ করে থাকতে পারেন না। প্রচার বা বাহবা নয়, মানুষের মুখে একটু হাসি ফোটালেই তাতেই তার তৃপ্তি। এভাবেই মানুষের সেবাকেই নেশা বানিয়ে সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন এম এ মতিন সরকার।'
মতিন সরকার এখন স্বপ্ন দেখেন, একটি এম্বুলেন্স কেনার এবং অসহায় প্রতিবন্ধীদের সেবাকেন্দ্র ও হাসপাতাল গড়ার। কিন্তু সাধ্য নেই তাঁর। কেউ সহযোগিতা করতে চাইলে সড়কের পাশে জমি দান করতে প্রস্তুত আছেন তিনি। সফল হউক তাঁর স্বপ্ন।'



