সর্বশেষ
•আজ চন্দনাইশের যে সকল এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে •❝ রাসুল ﷺ - এর বংশধর ছিলেন মাওলানা মওদুদী।❞•বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কর্মসূচি ঘোষণা!•পতেঙ্গায় যুবককে পিটিয়ে হত্যা•মানবতার ফেরিওয়ালা এমপি জসিম উদ্দিন! •স্মার্ট এনআইডি কার্ডের বিকল্প আসছে? ‘ekid’ নামে নতুন পরিচয়পত্র ব্যবস্থার ভাবনা ইসিতে•আজ চন্দনাইশের যে সকল এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে •❝ রাসুল ﷺ - এর বংশধর ছিলেন মাওলানা মওদুদী।❞•বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কর্মসূচি ঘোষণা!•পতেঙ্গায় যুবককে পিটিয়ে হত্যা•মানবতার ফেরিওয়ালা এমপি জসিম উদ্দিন! •স্মার্ট এনআইডি কার্ডের বিকল্প আসছে? ‘ekid’ নামে নতুন পরিচয়পত্র ব্যবস্থার ভাবনা ইসিতে

মাদক-জুয়া নির্মূলে দলমত-নির্বিশেষে ঐক্যের ডাক দিলেন অ্যাডভোকেট গোলাম রছুল বকুল

সম্পাদকীয় ডেস্কপ্রকাশ: ৬ নভেম্বর, ২০২৬
বদরগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা, লালদীঘি বাজার থেকে আন্দোলন ছড়িয়ে দেওয়ার প্রত্যয়
মাদক-জুয়া নির্মূলে দলমত-নির্বিশেষে ঐক্যের ডাক দিলেন অ্যাডভোকেট গোলাম রছুল বকুল
ছবি: সংগৃহীত / NEWS AKSO

নিজস্ব প্রতিবেদক রংপুর

মাদক ও জুয়ার বিস্তার রোধে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বদরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম রছুল বকুল। তিনি বলেছেন, মাদক ও জুয়া যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৫টায় রংপুরের বদরগঞ্জ উপজেলার লালদীঘি বাজারে মাদক ও জুয়াবিরোধী র‍্যালি ও পথসভায় তিনি এসব কথা বলেন। ‘আসুন হাতে হাত রাখি, একসঙ্গে মাদক ও জুয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াই’—এ স্লোগানে অ্যাডভোকেট গোলাম রছুল বকুলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিকেলে লালদীঘি বাজার থেকে র‍্যালিটি বের হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদক ও জুয়াবিরোধী বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। র‍্যালিতে ‘মাদকমুক্ত বদরগঞ্জ চাই’, ‘মাদক ধ্বংসের পথ’ এবং ‘মাদক ছেড়ে আলোকিত জীবনের পথ গড়ি’—এমন স্লোগান দেওয়া হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, মাদক ও জুয়ার কারণে যুবসমাজের একটি অংশ ক্রমেই বিপথগামী হচ্ছে। এতে তরুণদের লেখাপড়া, কর্মক্ষমতা, পারিবারিক বন্ধন ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে প্রতিটি পরিবার ও সচেতন নাগরিককে এ সামাজিক আন্দোলনে যুক্ত হতে হবে।

পথসভায় স্থানীয়দের পক্ষ থেকে লালদীঘি বাজারকে কেন্দ্র করে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তাঁদের দাবি, বাজারটি মাদক প্রবেশ ও বিস্তারের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে। এ অবস্থা পরিবর্তনে লালদীঘি বাজার থেকেই মাদকবিরোধী সামাজিক আন্দোলন শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এ কর্মসূচি বদরগঞ্জের প্রতিটি ইউনিয়নে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তাঁরা।

বক্তব্যে আয়নাল হক বলেন, “মাদক ও জুয়ার যে হারে বিস্তার ঘটছে, তাতে আগামী দিনে সমাজে ভালো মানুষ তৈরি করা এবং পড়াশোনাসহ বিভিন্ন ক্ষেত্রে তরুণদের এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়বে। শুধু মাদকবিরোধী প্রচারণা চালালেই হবে না, তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ দিতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে হবে, যাতে তারা মাদক ও জুয়ার মতো ক্ষতিকর পথ থেকে দূরে থাকতে পারে।”

স্থানীয় ব্যবসায়ী আহসান হাবীব বলেন, “আগে ছোট ছোট ছেলেদের কোনো কাজে ডাকলে পাওয়া যেত। এখন নেশার কারণে অনেক সময় ছেলেপেলেকে পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। মাদকের কারণে তরুণদের কর্মক্ষমতা নষ্ট হচ্ছে, তারা স্বাভাবিক জীবন থেকে দূরে সরে যাচ্ছে। তাই কোনো রাজনৈতিক পরিচয় নয়, সবাইকে একসঙ্গে মাদক নির্মূলে কাজ করতে হবে।”

অনুষ্ঠানের প্রধান আয়োজক অ্যাডভোকেট গোলাম রছুল বকুল বলেন, “মাদক ও জুয়া সমাজের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। রাধানগর ইউনিয়নের কোনো তরুণ যেন মাদক ও জুয়ার সঙ্গে জড়িয়ে না পড়ে, সে জন্য সবাইকে সচেতন হতে হবে। মাদক ব্যবসায়ী ও জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দলমত-নির্বিশেষে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি প্রশাসনকে নিরপেক্ষভাবে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের এ উদ্যোগ কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। আমরা চাই, তরুণ প্রজন্ম মাদক ও জুয়ার অভিশাপ থেকে মুক্ত থাকুক। একটি সুন্দর, সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে উঠুক। এ জন্য শুধু সভা-সমাবেশ নয়, প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। পরিবার থেকে শুরু করে পাড়া-মহল্লা পর্যন্ত সচেতনতা গড়ে তুলতে হবে।”

এ সময় দলের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু বিক্রির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। গোলাম রছুল বকুল বলেন, “দল কাউকে বালু বিক্রি করার লাইসেন্স দেয়নি। দলের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় অবৈধভাবে বালু ব্যবসা করা হচ্ছে। এ ধরনের অবৈধ ব্যবসা বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। অন্যথায় মানুষের জমিজমা ও কৃষিজমি হুমকির মুখে পড়বে। এ বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, চিকিৎসক, ব্যবসায়ী, হাট কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, অভিভাবক ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। লালদীঘি বাজার থেকে শুরু হওয়া এ উদ্যোগ বদরগঞ্জের প্রতিটি ইউনিয়নে ছড়িয়ে পড়বে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন:

সম্পর্কিত সংবাদ